রোহিঙ্গা শিশুদের স্কুল পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০০:৪৮

টেকনাফে রোহিঙ্গা শিশুদের জন্য ইউনিসেফের সহায়তায় এবং কোডেক পরিচালিত স্কুল পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস এয়েলস ও রাষ্ট্রদূত রবার্ট মিলার। এ সময় কর্মকর্তারা রোহিঙ্গা শিশুশিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে সময় কাটান। 

গতকাল বৃহস্পতিবার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস এয়েলস ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার কক্সবাজারের টেকনাফ বাহারছড়া শাপলাপুর গ্রামে কোডেক এনজিওর পরিচালনাধীন সূর্যমুখী কামিনী নামক দুটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। তাদের বিশেষ নিরাপত্তায় ছিলেন শাপলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) তুলক চক্রবর্তী।

কর্মকর্তারা এসব লার্নিং সেন্টারে অধ্যয়নরত রোহিঙ্গা শিশুদের কাছে জানতে চান তোমাদের কোন্ বিষয় বেশি ভালো লাগে!  তখন রোহিঙ্গা শিশুরা কেউ ইংরেজি, কেউ গণিত, কেউ বা বার্মিজ ভাষার বিষয় ভালো লাগে বলে উত্তর দেয়। আবার তোমরা বড়ো হয়ে ভবিষ্যতে কি হতে চাও? এমন প্রশ্নের জবাবে রোহিঙ্গা শিশুরা কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ সমাজ সেবক হতে চায় বলে জানায়। রোহিঙ্গা শিশুদের স্বপ্নের কথা শুনে অতিথিরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বেশ কিছুক্ষণ রোহিঙ্গা শিশুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিসেফ ও কোডেক এনজিওর বিভিন্ন কর্মকর্তারা।