বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ( বিসিএসসিএল)-এর কার্যক্রম অগ্রগতি সংক্রান্ত এক সভা সম্প্রতি ঢাকায় বিসিএসসিএল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সভায় সভাপতিত্ব করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, স্যাটেলাইট আমাদের স্বপ্নের জিনিস। পৃথিবীর ৫৭তম স্যাটেলাইট উেক্ষপণকারী দেশ হিসেবে বাংলাদেশ গর্বিত। বিশ্বের সবচেয়ে আধুনিক উচ্চ প্রযুক্তির এই স্যাটেলাইট আমাদের সন্তানরাই নিখুঁতভাবে পরিচালনা করছে। এটাও বাঙালির আরো একটি গর্বের জায়গা। তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উেক্ষপণ করার কার্যক্রম শুরু করেছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট- ২ কি ধরনের স্যাটেলাইট হবে সেটাও নির্ধারণ করার বিষয়টি জরুরি। তিনি এই ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করার আহ্বান জানান। এটিকে বড়ো চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু-২ উেক্ষপণে মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারিত সময়সীমা অতিক্রম করার কোনো সুযোগ নেই বলে তিনি কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন।
সভায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক পরিচালনাসহ ভবিষ্যত্ বাণিজ্যিক পরিচালনা পরিকল্পনা অবহিত করা হয়।
সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, পিএসসি সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, বিটিসিএলের এমডি রফিকুল মতিনসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন সংস্থা সমূহের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
