বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল

বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি আজ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২০:৪৫

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সাজ সাজ রব। বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি হবে বিকাল তিনটায়। নারী ভলিবল নিয়ে একটা উত্সবের আবহ। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে একদিকে। অন্যদিকে ভলিবল কর্মকর্তারা সাংগঠনিক কাজে ব্যস্ত। খেলোয়াড়রা ব্যস্ত অনুশীলনে। হাতে সময় কম। মাত্র তিন দিনের নোটিশে এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল আয়োজনের আমন্ত্রণ গ্রহণ করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। কাজে-কর্মে এক-আধটু কমবেশি হচ্ছে। তা নিয়ে মাথাব্যথা নেই এশিয়ান ভলিবল ফেডারেশনের সম্পাদক ক্লিচের কিংবা ইরানি টুর্নামেন্ট ডাইরেক্টরের। তারা সবসময় বাংলাদেশের আয়োজনে খুশি। কাজ-কর্মে সবসময় তারা বাংলাদেশকে পাশ মার্ক দিয়ে আসছেন। ক্লিচ বলছিলেন আমরা যখন বাংলাদেশকে এই টুর্নামেন্ট আয়োজনের কথা বলেছিলাম তখন তিন দিনের মধ্যে সাড়া দিয়েছে বাংলাদেশ। এটা খুবই পজিটিভ একটা দিক।’

আয়োজনে কোনো কমতি নেই, কমতি থাকলে থাকতে পারে হয়তো সাফল্য নাও আসতে পারে। ফেডারেশন কর্মকর্তারা অবশ্য পাঁচ জাতির এই টুর্নামেন্ট  থেকে সাফল্য খুঁজছেন না। তবে লাকি খাতুন, সিব্বি খানম, সাহিদা পারভীন ময়ুরীরা শপথ নিয়ে রেখেছেন— প্রত্যাশিত কিছু করে দেখাবেন। বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, কিরগিজস্তান। এদের মধ্যে নেপাল বাংলাদেশের কাছে বেশি শক্তিশালী হলেও তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে। নেপালের টুর্নামেন্টে খেলেছিলেন বাংলাদেশের মেয়েরা। কিরগিজস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩-২ সেটে হেরেছে বাংলাদেশ। এমন প্রস্তুতি ম্যাচ আরো বেশি খেলতে পারলে খুশি হতেন অধিনায়ক সাহিদা পারভীন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এ ধরনের ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগবে। এমন একাধিক প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। তবে ভলিবল কর্মকর্তারা যেমনই মনে করুন সাহিদা পারভীন চান ফাইনাল খেলতে। আজকের ম্যাচ ছাড়াও আগামীকাল তিনটায় বাংলাদেশ-মালদ্বীপ, মঙ্গলবার বাংলাদেশ-নেপাল, বুধবার বাংলাদেশ-কিরগিজস্তান ম্যাচ একই ভেন্যুতে, একই সময়ে শুরু হবে।