ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সুন্দরবনের দুবলার চরের শত বছরের ঐতিহ্যবাহী রাস উত্সবের এবারের আয়োজন বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাস উত্সব আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই উত্সব হওয়ার কথা ছিল।
দুবলার চর রাশ উত্সব কমিটির সাধারণ সম্পাদক প্রদ্বীপ কুমার বসু ও সহসভাপতি বাবুল সরদার বলেন, জানমালের নিরাপত্তা বিবেচনায় পুণ্যার্থী, পূজারি ও দর্শনার্থীদের এবার দুবলার রাস উত্সবে যাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বড়ো ধরনের দুর্যোগের আশঙ্কায় এবারের রাস উত্সব বাতিল ঘোষণা কর হয়েছে। তবে উত্সব না হলেও সংক্ষিপ্ত পরিসরে মন্দিরে পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হবে।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, সুন্দরবনের দুবলার চরের রাস উত্সব ছাড়াও দুবলার বিভিন্ন চরে শুঁটকি মৌসুমকে ঘিরে কয়েক হাজার জেলে অবস্থান করছেন। সেখানে জেলেদের জন্য তিনটি সাইক্লোন শেল্টার আছে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই দুবলার চরের শুঁটকিপল্লির জেলেদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলা প্রশাসন ও মেলা আয়োজন কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবার রাস উত্সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।
