বেতাগীতে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:২৪

বেতাগীতে পরিত্যক্ত পুকুর থেকে তামিমা আক্তার (৭) নামের প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছোটো মোকামিয়া গ্রামের হাফেজ উসমান গণির পরিত্যক্ত পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু তামিমা আক্তার উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোটো মোকামিয়া গ্রামের মো. শহিদুল হাওলাদারের মেয়ে ও মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাব্বির নামের একজনকে আটক করেছে পুলিশ। সে একই গ্রামের বাসিন্দা সাইদ মল্লিকের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, তামিমা স্কুল শেষে বাড়ি না ফেরায় বাবা শহীদুল ইসলাম হাওলাদার খোঁজাখুঁজি করেন। বিকেলে স্থানীয়রা পুকুরে তামিমার ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। তামিমার স্কুল ব্যাগ, সালোয়ার, স্কার্ফ, হাতে থাকা কাগজে মোড়ানো আচার আলাদা আলাদা স্থান থেকে পুলিশ শনাক্ত ও আলামত হিসেবে সংরক্ষণ করে। এ ব্যাপারে মোকামিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল আলম সুজন বলেন, আলামত দেখে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে পরিত্যক্ত পুকুরে ফেলা হয়েছে।

বেতাগী থানার ওসি (তদন্ত) মো. ফেরদৌস জানান, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।