উজিরপুরে ইয়াবাসহ আটক চার জন কারাগারে

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:২৪

বরিশালের উজিরপুরে ইয়াবা সেবনকালে যুবলীগ নেতা ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার রাতে উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের নান্না মুন্সির পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। এ সময় আট পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের উপকরণ জব্দ করা হয়।

আটককৃতরা হলো, উজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, দাসেরহাট জেড এ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, স্থানীয় যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম ও ডহরপাড়া গ্রামের মাইশা আক্তার মুন্নী। উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, ইয়াবাসহ চার জন আটকের ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।