ইরানে ভূমিকম্পে নিহত ছয়, আহত তিন শতাধিক

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:৩৭

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে এ ভূমিকম্পে কমপক্ষে ছয় জন নিহত ও তিন শতাধিক লোক আহত হয়েছে। এর আগে মঙ্গলবারও সেখানে ভূমিকম্প আঘাত হেনেছিল।

স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১৭ মিনিটের দিকে ৫ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পটি আরদাবিল শহরের ৮৩ কিলোমিটার দক্ষিণপশ্চিমে আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে। ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, কম্পনের কারণে আতঙ্কিত অসংখ্য মানুষ মধ্যরাতেই ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। তাত্ক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে উদ্ধার কাজের জন্য দুর্গত এলাকায় জরুরি বিভাগের কর্মী ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। দেশটির জরুরি মেডিক্যাল সেবা বিভাগের প্রধান পিরোসেইন কোলিভ্যান্ড রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, এখন পর্যন্ত ছয় জনের নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে ৩৪৫ জন মানুষ।

উল্লেখ্য, ২০১৭ সালে দেশটির পশ্চিমাঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে ছয় শতাধিক লোক নিহত ও ৯ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিল। দেশটির কেরম্যান প্রদেশে সেসময়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। এছাড়া প্রাচীন ব্যাম শহরটিরও ব্যাপক ক্ষতি হয়। এসব কারণে ইরানকে একটি ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে বিবেচনা করা হয়।