আওয়ামী লীগ নিশ্চিত ভরাডুবির আশংকায় বেসামাল: ড. মোশাররফ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০১:০৫

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'সারা দেশে এখন ধানের শীষের পক্ষে জয়-জয়কার। ধানের শীষ প্রতীকের আওয়াজ সর্বত্র। তাই দেখে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিশ্চিত ভরাডুবির আশংকায় বেসামাল হয়ে পড়েছে। তারা জোর-জবরদস্তি করে জয়ী হতে নানা কুটকৌশল গ্রহণে ব্যস্ত। তবে প্রবল গণজোয়ার মোকাবেলা করতে তাদের কোন অপকৌশলই কাজে আসবে না। ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের বিদায় জানাতে দেশের জনগণ চুড়ান্ত প্রস্তুতি নিয়েছে।'

ড. মোশাররফ শুক্রবার কুমিল্লা-২ আসনের তিতাস উপজেলার মজিদপুর হাইস্কুল মাঠে মজিদপুর, কড়িকান্দি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

জনসভায় গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট দেওয়ার উদাত্ত আহবান জানিয়ে ড. মোশাররফ বলেন, 'ভোট দেওয়ার পর গণনা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।'

মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন বেপারীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, সিনিয়র সহ-সভাপতি মো. আলী হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মো. ওসমান গণি প্রমুখ। 

আরও পড়ুনঃ কাপাসিয়ায় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, প্রার্থীসহ আহত ১২

এর আগে সকালে ড. মোশাররফ তিতাস উপজেলার ভিটিকান্দি, কলাকান্দি ও নারান্দিয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন এবং বিভিন্ন স্থানে পথসভায় বক্তৃতা করেন।

ইত্তেফাক/নূহু