রাজধানীর শাহবাগ থানাধীন পরীবাগের একটি বাসা থেকে উদয় বিন নূর অগ্নি (১৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, অগ্নি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। লয়েন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র অগ্নি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সোহাগ হাজারীর ছেলে। তার মায়ের নাম লুপা তালুকদার। পরীবাগের ৮/২ মোতালেব টাওয়ার-২ এ থেকে ঢাকায় পড়ালেখা করতো অগ্নি। শাহবাগ থানার এসআই মাহবুব আলম জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এটা আত্মহত্যা। পারিবারিক সমস্যায় বিষণ্ন থাকত অগ্নি। পুলিশ তদন্ত করছে।
