শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামের একটি কলাবাগান থেকে আরিফুল ইসলাম আসিফ (২০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আসিফ কুড়িগ্রাম জেলার উলিপুর থানার রামদাস হরিরাম গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি স্থানীয় হেলালউদ্দিনের বাড়িতে সহকর্মীদের সঙ্গে ভাড়া থেকে মিতালী গ্রুপের কে এস এস নীট কম্পোজিট লিমিটেড কারখানায় চাকরি করতেন।
আসিফের সহকর্মীদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা জানান, দুই মাস আগে আসিফ কুড়িগ্রাম থেকে এসে ঐ কারখানায় চাকরি নেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষ তাকে অক্টোবর মাসের বেতন পরিশোধ করে। সন্ধ্যায় তিনি কারখানা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে কলাবাগানের শ্রমিকরা কাজ করতে এসে বাগানের পাশে রক্ত দেখতে পান। পরে পাশে কলাপাতার নিচে আসিফের লাশ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, হত্যারহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিক্যালে পাঠানো হবে।
