আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৪০০ ছক্কার মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর মাত্র দুটি ছক্কা হাঁকাতে পারলেই আন্তর্জাতিক অঙ্গনে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৪০০ ছক্কা ক্লাবের সদস্য হবেন রোহিত। রোহিতের আগে এই তালিকায় নাম তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও পাকিস্তানের শহিদ আফ্রিদি। গেইল ৫৩৪টি ও আফ্রিদি ৪৭৬টি ছক্কা মেরেছেন নিজেদের ক্রিকেট ক্যারিয়ারে। ওয়ানডেতে ২৩২টি, টেস্টে ৫১টি ও টি-টোয়েন্টিতে এখন অবধি ১১৫টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ছয়টি চারের সঙ্গে ছয়টি ছক্কাও হাঁকান এই ডান-হাতি।
