ঘূর্ণিঝড়ের প্রকোপে সারা দেশের আবহাওয়া খারাপ। মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ঢোকার আগে সড়কে মেট্রোরেলের কাজ চলছে। তার ওপর বৃষ্টি। এরপরও বিরক্ত দর্শকরা কাল রাতে বেশ আনন্দচিত্তেই ঘরে ফিরেছেন। কারণ আন্তর্জাতিক মহিলা ভলিবল টুর্নামেন্টের প্রথম খেলায় বাংলাদেশ ৩-০ সেটে আফগানিস্তানকে হারিয়ে দারুণ একটা চমক দিয়েছে।
বাংলাদেশের মেয়েরা ইনডোর স্টেডিয়ামের উজ্জ্বল আলোয় এতোটা ভালো খেলবে তা কল্পনা করা যায়নি। আফগানিস্তান উড়ে যাবে তা ভাবেননি ভলিবল কর্মকর্তারা। কারণ এই টুর্নামেন্টে বাংলাদেশের ভলিবল ফেডারেশনেরই কোনো আশা ছিল না। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু নিজেই বলেছেন তাদের প্রত্যাশা নেই। ভালো খেলা উপহার দিলেই চলবে। বাংলাদেশের মেয়েরা আফগানিস্তানকে একতরফা ম্যাচে হারিয়ে প্রমাণ করে দিয়েছেন ভলিবল কর্মকর্তারাও নিজেদের খেলোয়াড়দের সম্পর্কে কোনো ধারণা রাখেননি।
আফগানিস্তানকে প্রথম সেটে বাংলাদেশ হারিয়েছে ২৫-৯ গেমে। দ্বিতীয় সেটে বাংলাদেশ আবার নিজেদের একক আধিপত্য বজায় রেখে ২৫-৯ গেমে দ্বিতীয় জয় তুলে নেয়। বাংলাদেশ আক্রমণাত্মক খেলেছিল। আর তা দেখে ইনডোর স্টেডিয়ামে আসা দর্শক উল্লাস করে ইনডোর কাঁপিয়ে তুলে।
কোচ গোলাম রসুল মেহেদী দ্বিতীয় গেমে কোটে নামার আগে আক্রমণাত্মক খেলার টনিক দেন। সেভাবেই খেলেছে মেয়েরা, বিপক্ষকে দাঁড়াতে দেয়নি। তৃতীয় গেমে বাংলাদেশ আরো আক্রমণাত্মক। আফগান মেয়েরা বাংলাদেশের মেয়েদের চেয়ে শারীরিকভাবে বেশি উচ্চতার হলেও বাংলার মেয়েদের সামনে নতজানু। প্রথম দুই গেমে ৯ পয়েন্ট করে পেলেও তৃতীয় সেটে বাংলাদেশ ২৫-৩ গেমে আফগানিস্তানকে হারায়।
ইনডোর স্টেডিয়ামে গতকাল বিকালে বঙ্গমাতা এশিয়ান আন্তর্জাতিক মহিলা সেন্ট্রাল জোনাল খেলার উদ্বোধনী ম্যাচের আগে বাংলাদেশের মেয়েদের অভিজ্ঞতা ছিল একটা প্রস্তুতি ম্যাচ। কিরগিজস্তানের বিপক্ষে সেই ম্যাচ হারলেও মেয়েরা আত্মবিশ্বাস পাচ্ছিলেন। আর সেটাকে কাজে লাগিয়ে দারুণ একটা জয় দেশের মানুষকে উপহার দিয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন সাবিনা।
১৯৯১ সালে কলম্বো এসএ গেমসে নেপালকে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছিল। ওটাই প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক আসরে শেষ জয়। এরপরও নেপালের টুর্নামেন্টে খেলেছিল, জয়ও পেয়েছিল কিন্তু সেটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় না বাংলাদেশ ভলিবল ফেডারেশন। সেদিন বঙ্গমাতা এশিয়ান আন্তর্জাতিক মহিলা সেন্ট্রাল জোনালের খেলার আগে সংবাদ সম্মেলনে ফেডারেশন কর্মকর্তারা নিজেরাই বলেছেন নেপালে টুর্নামেন্ট ছিল প্রীতি ম্যাচ। এই হিসেবে দেখা যায় মহিলা ভলিবলে বাংলাদেশ ২৮ বছর পর ম্যাচ জিতল। ১৯৯১ সালের পর ৯৩ সালে ঢাকায় এসএ গেমেস তিন ম্যাচ খেলে না জিতেও ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। পাঁচ দেশ খেলছে বঙ্গমাতা আন্তর্জাতিক ভলিবলে। আজ বিকাল তিনটায় মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের খেলা।
