নিকো কোভাচকে গেলো সপ্তাহে বরখাস্ত করার পর থেকে এখনো কোনো স্থায়ী কোচের নাম ঘোষণা করেনি বায়ার্ন মিউনিখ। সে শূন্যস্থান পূরণে আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে আসছে সপ্তাহে আলোচনায় যাবে জার্মান চ্যাম্পিয়নরা।
বর্তমানে ৭০ বছর বয়সি এই কোচ বেইন স্পোর্টসকে জানিয়েছেন, বায়ার্নের বোর্ড চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তবে এর আগেই বায়ার্ন চেয়ারম্যান রুমেনিগে জানিয়ে রেখেছিলেন ওয়েঙ্গারকে কোচের পদে বিবেচনা করছে না তার ক্লাব।
ওয়েঙ্গারের ভাষ্য, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী সপ্তাহে আমরা কথা বলব। কেননা আমি আগামী রবিবার পর্যন্ত কাতারে আছি। এ ঘটনাটা সত্যি। বুধবার বিকালে রুমেনিগে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল; কিন্তু ব্যস্ততার কারণে ফোনটা ধরতে পারিনি আমি। পরে ভদ্রতাবশত আমি তাকে পুনরায় কল করি।’
ফরাসি এই কোচ আরো যোগ করেন, ‘তখন সে অলিম্পিয়াকোসে যাচ্ছিল। আমাদের পাঁচ মিনিটের মতো কথা হয়েছে এবং সে আমাকে বলেছিল যে, হ্যান্স ফ্লিককে কোচ করা হয়েছে আর সে পরের দুইটি ম্যাচের দায়িত্বে থাকবে।’
সাবেক আর্সেনাল কোচ জানান, বায়ার্নের কোচিং করাতে আগ্রহী কি না সেটাও তাকে জিজ্ঞেস করেছিলেন রুমেনিগে। তিনি বলেন, ‘সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি আগ্রহী কি না, কেননা তারা কোচের খোঁজে আছে। আমি তাকে বলেছিলাম এ নিয়ে এখনো ভাবিনি আমি। এ নিয়ে ভাবার জন্য আমার কিছু সময় প্রয়োজন।’
উল্লেখ্য, আর্সেনালকে ২২ মৌসুম ধরে কোচিং করিয়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি সাতটি এফএ কাপ জিতিয়েছিলেন ওয়েঙ্গার। ২০১৭-১৮ মৌসুম শেষে দলটির দায়িত্ব ছাড়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ক্লাবের দায়িত্বে আসেননি ফরাসি এই কোচ।
