আলু পাকুটিয়ায় বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২১:২৫

টাঙ্গাইলের কালিহাতীতে ঝিনাই নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কালিহাতী-বড়চওনা সড়কের আলু পাকুটিয়াতে অবস্থিত বেইলি ব্রিজটির বিভিন্ন জায়গার স্টিলের পাটাতনগুলো ভেঙে গেছে এবং অনেক অংশে দেবে গেছে। যেকোনো সময়ে ঘটতে পাড়ে বড়ো ধরনের দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন বাধ্য হয়েই যাতায়াত করছে ব্রিজটির ওপর দিয়ে।

সরেজমিনে দেখা যায়, বেইলি ব্রিজটির বিভিন্ন জায়গার স্টিলের পাটাতনগুলো ভেঙে গেছে এবং অনেক অংশে দেবে গেছে। বড়ো কোনো যানবাহন পার হওয়ার সময় ব্রিজটিতে কম্পনের সৃষ্টি হয়। যেকোনো মুহূর্তে বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।

কালিহাতী থেকে ঘাটাইল উপজেলার দেওপাড়া, ধলাপাড়া ও সখীপুর উপজেলার বড়চওনা যাওয়ার একমাত্র মাধ্যম এ বেইলি ব্রিজটি।

ট্রাক চালক হারুন মিয়া বলেন, ‘এই বেইলি ব্রিজটির ওপর দিয়ে ট্রাক চালাতে খুব ভয় করে। পাটাতনগুলো ভেঙে যাওয়ার কারণে যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কারণে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটির সংস্কার করা উচিত।’

সিএনজি চালিত অটোরিকশা চালক রাসেল বলেন, ‘একটি সিএনজি ব্রিজের ওপর উঠলে আরেকটি সিএনজি অপর প্রান্তে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে হয়। ফলে মাঝে মাঝে তীব্র যানজটের সৃষ্টি হয়।’

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ‘ঐ রাস্তায় যে কয়টি বেইলি ব্রিজ রয়েছে সব কয়টি অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণ করা হবে। যানচলাচলের উপযোগী করার জন্য ঐ ব্রিজটি মেরামতের জন্য টেন্ডারের সব প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই মেরামতের কাজ শুরু হবে।’