নতুন সড়ক আইন

রংপুর মহানগরীতে ৯ দিনে সহস্রাধিক মামলা

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২১:৩২

নতুন সড়ক পরিবহন আইনে রংপুর মহানগরীতে গত ৯ দিনে প্রায় সহস্রাধিক মামলা হয়েছে। মোটরযানের চালকরা আইন অমান্য করায় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ট্রাফিক বিভাগ এ মামলাগুলো দায়ের করেছে।

শনিবার বিকালে আরপিএমপির এক প্রেস বার্তায় সহকারী পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স অ্যান্ড মিডিয়া) রেজানুর বেগম এ তথ্য নিশ্চিত করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের এ কর্মকর্তা আরো জানান, গত ১ থেকে ৯ নভেম্বর পর্যন্ত গত ৯ দিনে রংপুর মহানগরীতে ট্রাফিক পুলিশের উত্তর ও দক্ষিণ ইউনিটে সর্বমোট ১ হাজার ১৮০টি মামলা করা হয়েছে। জরিমানার পরিমাণও কম করা হয়েছে। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশ অনুসরণ করা হচ্ছে। আমরা পুলিশ বিভাগ আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা করার চেয়ে নতুন আইন সম্পর্কে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির বেশি গুরুত্বারোপ করছি।

এদিকে, আরপিএমপির সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ-উত্তর জোন) ফরহাদ ইমরুল কায়েস সাংবাদিকদের বলেন, নতুন আইনের আলোকে গত ১ নভেম্বর থেকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তবে জরিমানা খুব বেশি করা হচ্ছে না। আমরা প্রথমত ট্রাফিক বিভাগ থেকে সড়ক পরিবহন আইন-২০১৮ নিয়ে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছি।

অনুষ্ঠানে রংপুর বিভাগের সাত জেলার সব পুলিশ সুপারসহ পুলিশের ট্রাফিক বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।