হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে মসজিদ ও মাদ্রাসার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিকাপুর গ্রামের মসজিদ ও মাদ্রাসার জমি নিয়ে ইউপি সদস্য তাজুল ইসলাম মহালদার এবং নজরুল গাজীর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ, মহিলাসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। আহতদের হাসপাতালে চিকিত্সা ও ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সময়ে স্থানীয় কালিকাপুর বাজারে কয়েকটি দোকান ভাঙচুর হয়। শুক্রবার রাতেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে আট দাঙ্গাবাজকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
