দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অবস্থান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডের ডেমরা থানাধীন সারুলিয়া বাজারের পাশে বক্সনগরে। বর্তমানে প্রায় ৬০ জেলার ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী এখানে পড়ালেখা করছে। শিক্ষক-কর্মচারী রয়েছেন দেড় শতাধিক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই প্রতিষ্ঠানে একটিমাত্র একাডেমিক ভবন। আরেকটির কাজ চলমান। ফলে শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদান করা যাচ্ছে না। অধিকাংশ সময় শিক্ষার্থীদের ক্লাস করতে হয় মাদ্রাসার আবাসিক হলগুলোর বিভিন্ন কক্ষে এবং মসজিদের মেঝেতে। অনার্স-মাস্টার্সের শিক্ষার্থীদেরও মেঝেতে বসে ক্লাস করতে হয়! এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের দিনদিন ক্লাসের প্রতি অনীহা বাড়ছে। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন এই যে, মাদ্রাসার শ্রেণিকক্ষের সংকট ঘোচাতে আরো একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিন।
হাফেজ আরমান হোসেন
অনার্স দ্বিতীয় বর্ষ, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ডেমরা, ঢাকা
