বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীগুলোই এ দেশের প্রাণ। দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে নদী। নদীগুলো যেন কত শত সহস্র সভ্যতার সূতিকাগার। নদীগুলোর কোনোটি ছোটো আবার কোনোটি বড়ো কিন্তু প্রতিটি নদীই নির্দিষ্ট অঞ্চলে তার নিজস্ব অবদানের ক্ষেত্রে স্বমহিমায় স্বীকৃত। প্রতিটি নদীই বছরের পর বছর ধরে বয়ে চলেছে তার অববাহিকায় গড়ে ওঠা নানান সভ্যতার স্মৃতি নিয়ে। নদীকে নিয়ে রচিত হয়েছে নানা রকম গান, গল্প, কবিতা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় প্রতিটি জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৬৪ জেলায় আয়োজন করা হয়েছে ‘১৩শত নদী শুধায় আমাকে’ শীর্ষক নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ১ গত পহেলা নভেম্বর থেকে শুরু হওয়া দেশ জুড়ে মাসব্যাপী চলবে এই আয়োজন। নাটোর, বগুড়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, রাজবাড়ী, ফরিদপুর, বরিশাল, মৌলভীবাজারসহ ১৫টি জেলায় অনুষ্ঠান অয়োজিত হয়েছে।
১৩শত নদীর বাংলাদেশে নদীকে কেন্দ্র করে রয়েছে মানুষের জীবন জীবিকা। তাই নদীর বৈশিষ্ট্যপূর্ণ আচরণ তুলে ধরা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নদীতে অথবা নদীর পাড়ে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
