মালদ্বীপকে হারিয়েও লাভ হলো না কিশোরদের

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৬

আশিকুর রহমান ও হেলাল আহমেদের হ্যাটট্রিকে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। থাইল্যান্ডের প্রীতি ফুটবল টুর্নামেন্টে এটিই তাদের প্রথম জয়। কিন্তু চার জাতির এ টুর্নামেন্টে জয়টি পেয়েও লাভ হলো না তাদের। কেননা থাইল্যান্ড সমান চার পয়েন্ট পেয়েও গোল গড়ে এগিয়ে থাকায় রানার্স আপ হয়েছে।

সাইপ্রাস ছয় পয়েন্ট নিয়ে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।

থাইল্যান্ডের বুরিরামে গতকাল শুক্রবার নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপকে ১০-০ গোলে হারায় বাংলাদেশ। দলের জয়ে দুটি করে গোল করেন রাসেল আহমেদ ও নিহাদ জামান উচ্ছ্বাস।

প্রথম ম্যাচে সাইপ্রাসের কাছে ৪-০ গোলে হেরে যাওয়া কিশোররা দ্বিতীয় ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছিল। স্বাগতিকরা মালদ্বীপকে হারিয়েছিল ১১-০ গোলে।

আরো পড়ুন: বিএনপি প্রার্থীর বাড়িতে শুভেচ্ছা বিনিময়ে বাণিজ্যমন্ত্রী

ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন্সের (উয়েফা) এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে গতকাল খেলাটির দুই অর্ধে পাঁচটি করে গোল করে বাংলাদেশের কিশোররা। দ্বাদশ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর পঞ্চদশ ও ৩৩তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন হেলাল।

প্রথমার্ধে দুই গোল করা আশিকুর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণের সঙ্গে মালদ্বীপের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

ইত্তেফাক/কেআই