ভারতের অযোধ্যায় ৪৬০ বছরের পুরোনো বাবরি মসজিদ মামলার রায়ের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। গতকাল শনিবার মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনটির কয়েকশত নেতা-কর্মী বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, বাবরি মসজিদ নিয়ে ভারতসহ প্রতিবেশী রাষ্ট্রের মুসলমানরা একটি মীমাংসার রায়ের প্রত্যাশায় ছিল। কিন্তু ভারতীয় সুপ্রিমকোর্ট যে রায় ঘোষণা করেছেন, সে রিপোর্টে বাবরি মসজিদের নিচে একটি স্থাপনা ছিল বলে উল্লেখ রয়েছে। কিন্তু সেই স্থাপনা কিসের তা স্পষ্ট নয়। তিনি বলেন, এ ধরনের একটি অসচ্ছ রিপোর্টের আলোকে সুপ্রিমকোর্ট রায় দিলে সেই সুপ্রিমকোর্টের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় বলে আমরা মনে করি।
