করতারপুর করিডরের উদ্বোধন

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০৭:৫৬

পাকিস্তানের পাঞ্জাবে শিখ ধর্মাবলম্বীদের তীর্থস্থানে যাওয়ার সুবিধার্থে করতারপুর করিডরের উদ্বোধন করা হয়েছে। ভারত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তান থেকে প্রধানমন্ত্রী ইমরান খান আলাদা অনুষ্ঠানের মাধ্যমে গতকাল করিডর উদ্বোধন করেন। উদ্বোধনের পরই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও অভিনেতা সানি দেওলসহ সাড়ে ৫০০ পুণ্যার্থী সরকারিভাবে পাকিস্তানে যান। এছাড়া হাজার হাজার পুণ্যার্থী যাওয়ার জন্য প্রস্তুতি নেন গতকাল। খবর এনডিটিভি ও ডনের

সাড়ে চার কিলোমিটার দীর্ঘ করিডর পাঞ্জাবের গুরদাসপুরের ডেরা বাবা নানক ও করতারপুরের দরবার সাহিবকে যুক্ত করেছে। ভারত সীমান্ত থেকে মাত্র চার কিলোমিটার দূরের ছোট্ট শহর কর্তারপুর। এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোয়াল জেলায় অবস্থিত। কথিত যে, এখানেই জীবনের শেষ ১৮ বছর কাটান শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক। এই করিডরটির সাহায্যে ভিসা ছাড়াই সেখানে যেতে পারবেন ভারতীয় তীর্থযাত্রীরা। শুধু তাদেরকে নিজেদের পাসপোর্ট বহন করতে হবে এবং করতারপুরে দরবার সাহিবের গুরুদ্বার দেখার জন্য অনুমতি নিতে হবে।

পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানিয়ে করতারপুর করিডরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার উপস্থিতিতেই গতকাল সেখান থেকে নরোয়াল জেলায় গুরুদ্বার দরবার সাহিবের উদ্দেশে রওনা দেয় ৫৫০ পুণ্যার্থীর একটি দল। দলে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ, কংগ্রেস বিধায়ক নভজ্যোত সিংহ সিধু, বিজেপি এমপি সানি দেওল, মন্ত্রী হরদীপ পুরি ও হরসিমরত কউরসহ অনেকে। এদিকে পাকিস্তান থেকে করতারপুর করিডরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি করিডরটি উদ্বোধনের ব্যবস্থা করায় সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, গুরু নানক আমাদের সবাইকে একত্র হতে এবং ঘৃণা না ছড়ানোর শিক্ষা দিয়েছেন।