ভোলায় বুলবুলের তাণ্ডবে ২২ ঘর বিধ্বস্ত, আহত ১৫

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১১:০৮

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভোলায় রবিবার ভোর রাত থেকে প্রচণ্ড গতিতে দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টি শুরু হয়েছে যা সকাল ৭টা পর্যন্ত অব্যাহত ছিল।

বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও চরফ্যাশন উপজেলার ঢালচর, মনপুরা উপজেলার চরমোজাম্মেল কলাতলির চর ও তজুমুদ্দিন উপজেলার চর জহিরুদ্দিনের নিম্নাঞ্চল ৩/৪ ফুট উচ্চতায়  প্লাবিত হয়েছে।

ঢালচরের খবর দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার এবং কলাতলীর চরের খবর দিয়েছেন চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর। সেখানে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

আরো পড়ুন: বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের লাশ উদ্বার

এদিকে লালমোহন ও চরফ্যাসন উপজেলায় প্রচণ্ড ঝড়ো বাতাসে ২২টি ঘর বিধ্বস্ত হয়ে ১৫ জন আহত  এবং বেশকিছু গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।

শনিবার রাত ৯টার দিকে লালমোহনের পশ্চিম চর উমেদ ,ধলিগৌরনগর,ও লর্ডহাডিঞ্জ ইউনিয়ন এবং চরফ্যাসনের ওসমানগঞ্জ ও এওয়াজপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পশ্চিম চর উমেদ ৭নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ মাল, তার ছেলে ইমরান ও তিশান। একই উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চর পেয়ারীমোহন গ্রামের সাজেদা বেগম, তারেক, আরিফ, শরিফ ও মোস্তাফিজ। এদের মধ্যে তারেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। আহত কয়েকজনকে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বাসিন্দা মো. ইব্রাহীম ও ব্যবসায়ি আবুল কালাম  জানান, রাত ৯টার দিকে  বিকট আওয়াজে   মুহূর্তের মধ্যে  ‍ঘুর্ণিঝড়ে ওই এলাকার রশিদ মালসহ একই বাড়ির আরও দুইটি ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। এসময় বাড়ির গাছপালাও উপড়ে পরে।

তিনি আরও জানান, একই সময়ে ওই ইউনিয়নের পাশের এলাকা চরফ্যাসনের ওসমানগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুল মোতালেব ও তার ছেলে মামুন ও বিল্লালের ঘরগুলোও বিধ্বস্ত হয়েছে এবং পাশের আরেকটি বাড়ির আব্দুল মুনাফের বসত ঘরটিও বিধ্বস্ত হয়। এসময় ওই এলাকার রাস্তার গাছপালাও উপড়ে পরেছে বলে জানান তিনি।

লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক আনোয়ার রাব্বি জানান, একই সময়ে ইউনিয়নের চর পেয়ারীমোহন গ্রামে ঘুর্ণিঝড়ে ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে প্রায় ১৫ জন আহত হয়েছে। এসময় ৮ থেকে ১০টি ঘর বিধ্বস্ত হয়।

এছাড়াও চরফ্যাসন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম খোকন জানান, রাত ৯টার দিকে ওই ইউনিয়নের ৪, ৫ ও ৭নং ওয়ার্ডের সাতটি ঘর বিধ্বস্ত হয়েছে। এসময় এলাকার রাস্তার অনেক গাছপালা উপরে পরে।
 
লালামোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর হাসান রুমি জানান, আমরা লর্ডহাডিঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকায় গাছ পড়ে এক জন আহত হওয়ার খবর পেয়েছি। এদিকে লালমোহনের আহত একজনকে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম