টানা দ্বিতীয়বার আফ্রিকা সেরা সালাহ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৬
টানা দ্বিতীয়বারের মতো বিবিসির আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিশরের মোহাম্মদ সালাহ। এই পুরস্কার জয়ের ক্ষেত্রে মেহদি বেনাতিয়া, কালিদু কুলিবালি, সাদিও মানে ও থমাস পার্টিকে পেছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। মোট ৬৫ হাজার মানুষ বিবিসির এই জরিপে অংশ নেন। সবশেষ ২০০৩ ও ২০০৪ সালে পরপর দুইবার আফ্রিকার সেরা ফুটবলার হন নাইজেরিয়ার জয় জয় ওকোচা। তবে কোনো মিশরীয়র এটিই টানা দুইবার আফ্রিকা সেরা হওয়ার রেকর্ড। মিশরের হয়ে এর আগে কেবল আফ্রিকা সেরা হয়েছেন মোহাম্মদ বারাকাত (২০০৫) এবং মোহামেদ আবুত্রিকা (২০০৮)। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলে খেলেন সালাহ। গত মৌসুমে ৫২ ম্যাচ থেকে ৪৪ গোল করেন তিনি। আফ্রিকার বর্ষসেরা পুরস্কার জয়ের পর সালাহ বলেন, দ্বিতীয়বার এই পুরস্কার জেতা সত্যি অসাধারণ। আমি অত্যন্ত আনন্দিত এবং আগামী বছরও জিততে চাই।

আরো পড়ুন: নেপালে ট্রাক দুর্ঘটনায় নিহত ২০

গত মৌসুমে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে। যার মূল নায়ক ছিলেন সালাহ। তাছাড়া মিশরের হয়ে বিশ্বকাপেও করেছেন দুই গোল। শুধু তাই নয়, ১৯৯০ সালের পর মিশরকে নিয়ে যান বিশ্বকারে চূড়ান্তপর্বে। চলতি মৌসুমেও ক্লাবের হয়ে বিশেষ কিছু করতে চান সালাহ। তিনি বলেন, ক্লাবের হয়ে যে কোনো অর্জনই বিশেষ কিছু। ক্লাবের হয়ে এবারও বিশেষ কিছু করতে চাই।   ইত্তেফাক/কেআই