রোহিঙ্গা নির্যাতন রোধ ও তাদের প্রত্যাবাসনে ওআইসির ভূমিকা হতাশাব্যাঞ্জক: তথ্যমন্ত্রী

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৯:০৪

‘মায়ানমারে রোহিঙ্গানির্যাতন রোধ ও তাদের নিজভূমিতে প্রত্যাবাসনে ওআইসির ভূমিকা হতাশাব্যাঞ্জক' বলেছেন তথ্যমন্ত্রী  এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

রবিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারীয়া  এই অনুষ্ঠানের আয়োজন করে।  সৈয়দ সহিদ উদ্দীন আহমদের সভাপতিত্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

 

মহানবী মুহাম্মদ (সাঃ) এর পবিত্র জন্মদিন ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে  ড. হাছান বলেন, 'মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য থাকলে মিয়ানমার থেকে মুসলিমদের নির্যাতন করে কেউ বের করে দিতে পারতো না। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে নির্যাতন হয়, তা হতো না।

 

তিনি বলেন, মিয়ানমারে যখন রোহিঙ্গা মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন হচ্ছিলো, তাদের তাড়িয়ে দেয়া হচ্ছিলো, তখন ওআইসি কোনো সম্মেলনও আহ্বান করতে পারছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সেটি পরে অনুষ্ঠিত হয়।'

 

হাছান মাহমুদ বলেন, ‘এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল কোন যুদ্ধ-বিগ্রহের মধ্য দিয়ে নয়, তরবারির মধ্যে নয়, পীর-আউলিয়াদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। অথচ আজ একটি পক্ষ পীর আউলিয়াদের ব্যাপারে মুসলমান সম্প্রদায়ের মধ্যে নানা ধরনের কটু কথা বলতে দিধা করে না। অথচ তাদের হাত ধরেই এই উপমহাদেশের মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে।’

 

তিনি বলেন, ‘আজ অনেকসময় বলা হয়- 'ইসলামী জঙ্গি'। কিন্তু ইসলাম জঙ্গিবাদের কথা বলে না। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসভায় এর প্রতিবাদ করেছেন- দয়া করে ইসলামী জঙ্গি বলবেন না। কারণ ইসলাম জঙ্গিবাদের কথা বলে না। 'জঙ্গি' বলেন- কিন্তু 'ইসলামী জঙ্গি' নয়।’

 

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই পবিত্র দিনে প্রার্থনা- কামনা মুসলমানদের ঐক্য সংহতি যেন আরো সুদৃঢ় হয়। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অন্য ধর্মাবলম্বীদের জোর করে মুসলমান বানায় না।’

আরো পড়ুন : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী উদ্ধারকাজে বাংলাদেশ পুলিশ

হাছান মাহমুদ বলেন, 'আমাদের দেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পৃথিবীর সামনে উদাহরণ। এদেশে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কিন্তু কিছু কিছু মানুষ ধর্মীয় উন্মাদনা সৃষ্টির করার চেষ্টা করে। ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মাধ্যমে মৌলবাদ সৃষ্টির অপচেষ্টা চালায়। এগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে করে কেউ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে। সেজন্য সতর্ক থাকতে হবে।'

 

মন্ত্রী এ সময় পবিত্র দিনটি উপলক্ষে দেশ ও জাতির উন্নয়নের জন্য নিজে প্রার্থনা করেন ও সকলকে প্রার্থনার আহ্বান জানান।

 

যমুনা ফিউচার পার্কে 'রায়ান'স ব্রান্ডস কালেকশন' উদ্বোধন

 

এদিন অপরাহ্নে রাজধানীর যমুনা ফিউচার পার্কে রায়ান'স ব্রান্ডস কালেকশন শপ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।   রায়ান'স ব্রান্ড কালেকশনের চেয়ারম্যান মো. আবদুর রশিদ,  পরিচালক মো. সাইফুল ইসলাম, যমুনা ফিউচার পার্কের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন যুবরাজ প্রমুখ এ সময় মন্ত্রীর সাথে কেক কেটে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

 

ইত্তেফাক/ইউবি