জঙ্গি মদদদাতারা প্রার্থী হওয়ায় নিরাপত্তা হুমকির মুখে: বাদশা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৩

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ‌‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি মদদদাতারা প্রার্থী হওয়ায় তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।’

শনিবার সকালে রাজশাহী মহানগরীর ৪নং ওয়ার্ডের ভেড়িপাড়া মোড়ে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রাজশাহী সদর আসনে ১৪ দল মনোনীত ও মহাজোট সমর্থিত প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, ‘নির্বাচনে তো আমাদের জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড নেই। জঙ্গি মদদদাতারা নির্বাচনে নেমে পড়লে আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। আমরা হুমকির মুখেই পড়েছি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো স্পষ্টভাবেই বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ চান? নাকি উন্নয়ন চান। মানুষ উন্নয়নের সাথে থাকবে। যারা বাংলা ভাইকে মদদ দিয়ে রাজশাহী থেকে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল তাদের মানুষ নির্বাচিত করবে না। তাদের ভোট দিলে উন্নয়নের টাকায় জঙ্গিবাদ সৃষ্টি হবে।’

আরো পড়ুন: রাজশাহী ১ : আসন হারাতে চায় না আওয়ামী লীগ, পুনরুদ্ধারে মরিয়া বিএনপি

ফজলে হোসেন বাদশা এ দিন সকালে ভেড়িপাড়া মোড় ও এর আশপাশের পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দিয়ে ভোট চান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, নির্বাহী সদস্য নজরুল ইসলাম তোতা, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, থানা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আবদুল মতিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির মুক্তা ও সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায় প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ