স্বপ্নেও ভাবেননি চাহার

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২০:৫৭

স্পোর্টস রিপোর্টার

দীপক চাহারের ক্যারিয়ারে এর চেয়ে আনন্দদায়ক রাত আগে আর কখনোই আসেনি। ম্যাচের ভাগ্যটা দুলছিল পেন্ডুলামের মতো। এরই মধ্যে সবাইকে চমকে দিয়ে টি-টোয়েন্টি ম্যাচে মাত্র সাত রান দিয়ে ছয় উইকেট পেয়েছেন তিনি। এখানেই শেষ নয়, করে ফেলেছেন হ্যাটট্রিকও। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এটাই সেরা বোলিং পারফরম্যান্স।

ভারতীয় তরুণ এই পেসার এই রাতে ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে। এই অনন্য পারফরম্যান্সের সুবাদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতে গেছে রোহিত শর্মার দল। আর দীপকের পারফরম্যান্সের প্রভাব পড়েছে টি-টোয়েন্টির র্যাংকিংয়েও।

এক পারফরম্যান্স দিয়েই বোলিং র্যাংকিংয়ে ৮৮ ধাপ এগিয়েছেন চাহার। তিনি এখন আছেন ৪২তম অবস্থানে। এমন পারফরম্যান্সটা অভাবনীয়ই ছিল চাহারের কাছে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি, এমন পারফরম্যান্স করব। আমার একটাই মন্ত্র, ছোটোবেলা থেকেই কঠিন পরিশ্রম করে যাওয়া। এই রাতে যা চেয়েছি সেটাই করতে পেরেছি। বাকিটা ঈশ্বরের আশীর্বাদ।’

রোহিত শর্মা ভরসা রেখেছেন চাহারের ওপর। চাহারও সেই ভরসার প্রতিদান দিলেন দারুণ ভাবে। রোহিতের প্রতি কৃতজ্ঞ চাহার বলেন, ‘রোহিত ভাই আমায় গুরুত্বপূর্ণ সময়ে বল দেবে বলে দিয়েছিল। টিম ম্যানেজমেন্টেরও সেটাই ভাবনা ছিল। আমি নিজেকে সে ভাবে তৈরি রেখেছিলাম। ভালো লাগছে, টিমের কাজে লাগতে পেরে।’

টি-টোয়েন্টিতে ভারতের পুরুষ দলের কেউ এর আগে কখনোই হ্যাটট্রিক করেননি। চাহারই প্রথম। তবুও উদযাপনে নিজেকে সংযত রেখেছেন চাহার। ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি আসলে ওভার শেষের জন্য অপেক্ষা করি। প্রত্যেক বলের পরেই ভাবি, এর পরের বলটায় কিন্তু ব্যাটসম্যান আমায় ছক্কা মেরে দিতে পারে। তাই সংযত থাকি।’

অথচ, এই দীপককেই চিনতে ভুল করেছিলেন ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেল। সেটা ২০০৮ সালের কথা। তখন এই চাহারকেই বাতিল করে দিয়েছিলেন তখনকার কোচ গ্রেগ চ্যাপেল, সাবেক এই অস্ট্রেলিয়ান। তিনি মনে করছিলেন, চাহারের মধ্যে যথেষ্ট কার্যকারিতা নেই। চ্যাপেল তাকে না চিনলেও তাকে ঠিকই চিনেছিলেন মহেন্দ্র সিং ধোনি। চাহারের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), চেন্নাই সুপার কিংসে হয়ে খেলা সময়টা। ধোনির চেন্নাইয়ের হয়ে এখন ধারাবাহিকভাবে খেলেন চাহার। চেন্নাইয়ের হয়ে ১৭ ম্যাচ খেলে ২২ উইকেট তুলে নিয়েছেন চাহার। ধোনির পরামর্শেই টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নিজেকে অন্য মাত্রায় নিজে গিয়েছেন তিনি। ।