ম্যাচে এগিয়ে ঢাকা মেট্রো

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২০:৫৭

জাতীয় ক্রিকেট লিগ—২য় স্তর

অলক কাপালির

৯ হাজার রান

 স্পোর্টস রিপোর্টার

ব্যাট হাতে এবারের জাতীয় লিগ মোটেও ভালো কাটছে না অলক কাপালির। বড়ো স্কোরের দেখা পাচ্ছেন না। তবে এর মধ্যেও দেখা পেলেন বড়ো এক মাইলফলকের। স্পর্শ করলেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৯ হাজার রানের মাইলফলক।

অলক কাপালির এই মাইলফলক স্পর্শের ম্যাচে সিলেটের বিপক্ষে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে রেখে ২০৫ রানে এগিয়ে আছে ঢাকা মেট্রো। এই ম্যাচের প্রথম ইনিংসে ঢাকা মেট্রো ৮ উইকেটে ৩১১ রান করে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে ৩৫১ রান করে অলআউট হয় সিলেট। দ্বিতীয় ইনিংসে গতকালকের দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৪ উইকেটে ২৪৫ রান করেছে ঢাকা মেট্রো।

জাতীয় লিগে সিলেট বিভাগের হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে রবিবার নতুন মাইলফলক অর্জন করেন অলক। ৯ হাজার ছুঁতে এই ম্যাচে প্রয়োজন ছিল তার ১৩ রান। রাজশাহীতে দলের প্রথম ইনিংসে অলক করেছেন ৩২ রান।

বাংলাদেশের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইফলকের দেখা পেলেন ৩৫ বছর বয়সি অলক। তার ওপরে আছেন কেবল তুষার ইমরান। খুলনার হয়ে জাতীয় লিগের এই রাউন্ডের ম্যাচটি তুষার শুরু করেছেন ১১ হাজার ৫২৫ রান নিয়ে।

তুষার ৯ হাজার পূর্ণ করেছিলেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। মাইলফলক ছুঁয়েছিলেন ১৪৪ ম্যাচ আর ২৪৭ ইনিংস খেলে। অলকের লাগল ১৬৬ ম্যাচ, ২৭৪ ইনিংস। তুষারের সেঞ্চুরি তখন ছিল ২২টি, অলকের এখন ২০টি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রান ছুঁয়েছেন বাংলাদেশের আর কেবল চারজন—ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, মোহাম্মদ আশরাফুল ও অবসরে যাওয়া রাজিন সালেহ।

অলকের আগে এই ম্যাচে একটি মাইলফলক পেরিয়েছেন ইমতিয়াজ হোসেন। ৩৩ রানের ইনিংসের পথে সিলেটের ওপেনার স্পর্শ করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান।

সংক্ষিপ্ত স্কোর :

ঢাকা মেট্রো-১ম ইনিংস : ৮৩.৫ ওভারে ৩১১/৮ ডিক্লেয়ার

এবং ২য় ইনিংস : ৭৫ ওভারে ২৪৫/৪ (আজমির ৮০, মার্শাল ব্যাটিং ৭৩, সামসুর ৩৭ ; এনাম জুনিয়র ২/৮০)।

সিলেট-১ম ইনিংস : ১০১.৩ ওভারে ৩৫১/১০ (অমিত ১২৫, গালিব ৫৯, রাহাতুল ৩৯, ইমতিয়াজ ৩৩, অলক ৩২ ; শহীদুল ৩/৬৩, শরিফুল্লাহ ৩/৮৬, তাসকিন ২/৫৪)।