সিটিকে হারিয়ে আরো উঁচুতে লিভারপুল

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২০:৫৮

লিভারপুল ৩

ম্যান সিটি ১

 স্পোর্টস ডেস্ক

কোচ য়ুর্গেন ক্লপ মনে করেন লিভারপুলের চেষ্টাই তাদেরকে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটির বিরুদ্ধে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের লড়াইয়ে জিতিয়েছে।

লিভারপুল গত রবিবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় ফ্যাবিনহো, মোহামেদ সালাহ ও সাদিও মানের গোলে ৩-১ ব্যবধানে জয়ী হয়। এ জয়ে ক্লপের দল ইংলিশ প্রিমিয়ার লিগে এখন নিকটতম প্রতিদ্বন্দ্বী লেস্টার সিটির চাইতে আট পয়েন্টে এগিয়ে থাকল। সমান ১২ খেলা শেষে লিভারপুল ৩৪ এবং চতুর্থ স্থানে থাকা শিরোপাধারীরা আছে ২৫ পয়েন্টে।

ইংলিশ ফুটবলের দুই পরাশক্তির এ লড়াইয়ে জয় মানে লিভারপুলের ঘরোয়া লিগের শিরোপাটি জয়ের জন্য ৩০ বছরের প্রতিক্ষা ঘোচানোর পথে একটা বড়ো পদক্ষেপ বলেই মনে করছে বোদ্ধারা। কিন্তু সিটি কোচ পেপ গার্দিওলা অবশ্য বিপক্ষের খেলার প্রশংসা করেও বলেছেন, এটা মাত্র নভেম্বর মাস। কাজেই দেখা যাক আরো কি ঘটে।

স্প্যানিশ কোচ গার্দিওলা খেলা শেষের প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা হেরে গেছি। আমরা জিততে চেয়েছিলাম। তবে এখন আমাদের বিশ্রাম দরকার এবং পরের খেলায় চেলসির বিরুদ্ধে প্রস্তুতি নিতে হবে। আমরা দুর্দান্ত নৈপুণ্যই দেখিয়েছি। ’

ম্যানচেষ্টার সিটি কোচ আরো বলেন, ‘আমি জানি না কয়টা দল এই স্টেডিয়ামে এসে আমরা যেভাবে খেলেছি সে রকম খেলতে পারে। তারা প্রথম সুযোগেই গোল করে ফেলে। তবে আমরাও খুবই ভালো খেলেছি। তিনটা দল আছে যাদের প্রিমিয়ার লিগ জয়ে আমাদের চাইতে বেশি সুযোগ আছে। আমরা এখন আছি নভেম্বরে। কাজেই দেখা যাক কি ঘটে।’

ক্লপ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘কি দারুণ এক খেলা। আপনি যদি সিটির বিরুদ্ধে জিততে চান তাহলে আপনাকে বিশেষ কিছু করে দেখাতে হবে। আমাদের তীব্রতা দেখানোরও দরকার ছিল। শেষ ১৫ মিনিটে সিটি যখন অনেক বেশি নিয়ন্ত্রণ নিয়ে নিল, সে সময় এটা ছিল উত্তেজনাপূর্ণ। এরপরই আপনি ফুটবল শৈলি এবং ছেলেরা কি করতে পারে তা দেখতে পেলেন। ছেলেরা ৭৫ মিনিট অবিশ্বাস্য খেলেছিল।’

ব্রাজিলীয় ফ্যাবিনহো ষষ্ঠ মিনিটেই তীব্র শটে স্বাগতিকদের এগিয়ে দিয়ে জয়ের পথ রচে দেন। এর কয়েক সেকেন্ড পর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের হ্যান্ডবলের কারণে পেনাল্টি দাবি করেছিল সিটি। কিন্তু ভিএআর প্রযুক্তি এ দাবিকে বাতিল করে দেয়।

এরপর সালাহ ১৩তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন। যদিও এ গোলটির সময় মিসরীয় ফুটবলারটি অফসাইডে ছিলেন বলে কারো কারো মত। এসবের মধ্যেই সাদিও মানের হেড ব্যবধান ৩-০ করে দেয়। শেষদিকে সিটির হয়ে বার্নার্দো সিলভা গোল করলেও সেটি ছিল কেবলই সান্ত্বনার।

এদিকে ম্যানচেষ্টার ইউনাইটেড ও উলভারহ্যাম্পটন নিজ নিজ খেলায় জিতে পয়েন্ট টেবিলের ওপরের অর্ধেকে চলে এসেছে। গত রবিবার অনুষ্ঠিত খেলায় ইউনাইটেড ৩-১ গোলে ব্রাইটন এবং উলভস ২-১ এ হারায় অ্যাস্টন ভিলাকে।