সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের সখীপুরের শাইল-সিন্দুর খালে মাছ ধরা উত্সব করেছে স্থানীয় মত্স্যপ্রেমীরা। প্রতি বছরই এ উত্সবের আয়োজন করে থাকেন তারা। মাছ ধরার এ উত্সবকে ঘিরে প্রায় মাসাধিককাল মত্স্যপ্রেমীদের মধ্যে প্রচারণা থাকে। নির্ধারিত শনিবার এই মাছ ধরার দিন ধার্য ছিল। এ দিন সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার কাকড়াজান ইনিয়নসহ বিভিন্ন গ্রামের লোকজন উত্সবে উপস্থিত হয়ে মাছ শিকার করেন শাইল-সিন্দুর খালে।
জানা যায়, প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমে খাল ও বিলের পানি কমতে শুরু করায় হামিদপুর, কচুয়া, বড়চওনা, সাড়াশিয়া, কালমেঘা, মহানন্দনপুর, শ্রীপুর, বাসারচালা, কুতুবপুরসহ আশপাশের গ্রামের মুরব্বিরা বৈঠকে বসে মাছ ধরার উত্সবের তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত ঐ দিনে শত শত লোক পলো, জাল, দড়ি ও মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে নির্ধারিত খালে হাজির হয়।
ঐ মাছ ধরা উত্সবে শিকারিদের অনেকেই বোয়াল, মিনার কাপ, শোলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ ধরেছে। পলো দিয়ে পানিতে একের পর এক চাপ দেওয়া আর হইহুল্লোড় করে সামনের দিকে অঘোষিত ছন্দের তালে তালে এগিয়ে যাওয়া চিরচেনা গ্রামবাংলার অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়। উত্সবে পলো ছাড়াও ফার জাল, ছিটকি জাল, ঝাঁকি জাল ইত্যাদি দিয়েও মাছ ধরে অনেকে।
এ বিষয়ে বাঘেরবাড়ি গ্রামের মোহাম্মদ আলী বড়ো একটি শোল ধরে মন্তব্য করেন, পলো দিয়ে মাছ ধরার আনন্দই আলাদা। আমরা প্রতি বছর এ সময় মাছ ধরি। এটি আমাদের একটি উত্সব।
কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত্ জানান, প্রতিবছর ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পলো দিয়ে মাছ ধরার উত্সব উদযাপিত হয়ে থাকে। মত্স্যপ্রেমীরা এটি আনন্দ উত্সব হিসেবে গ্রহণ করেছে।
