কুমিল্লা প্রতিনিধি
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে কুমিল্লার বিভিন্ন এলাকায় শীতকালীন সবজি ফলনে বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। আর এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা।
সরেজমিনে জানা গেছে, কুমিল্লার বিভিন্ন উপজেলায় এবার সবজি চাষে বেশ আগ্রহী হয়ে উঠেছে কৃষকরা। অনেকে আগাম জাতের সবজি চাষ করে বেশ লাভবান হয়েছেন। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এবার শীতকালীন সবজির ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।
সমেষপুর গ্রামের চাষি শাহ আলম ও মোসলেম উদ্দিন জানান, এই গ্রামে মুলা ও ফুলকপির ব্যাপক চাষ হয়েছে। কিন্তু বৃষ্টির পানি বীজতলাসহ সবজির জমিতে জমে আছে। এতে উত্পাদিত সবজি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই বৃষ্টি উপেক্ষা করে পানি নিষ্কাশনের চেষ্টা করা হচ্ছে।
এদিকে নিমসার, ডুবাইরচর, ফরিজপুর এলাকায়ও চাষিরা সবজি রক্ষায় ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ জমির পানি তাত্ক্ষণিক নিষ্কাশন করতে না পারার কারণে মুলা, লালশাক, বাঁধাকপি ও ফুলকপি তুলে নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছেন। অনেক চাষিকে জমি থেকে মুলা তুলে ট্রলিতে করে গোমতী নদীর পানিতে ধুয়ে বাজারজাত করার উদ্দেশ্যে নিয়ে যেতে দেখা গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপ-পরিচালক আইয়ূব মাহমুদ জানান, এবার কুমিল্লা জেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার হেক্টর জমিতে সবজি ফলন অর্জিত হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে অতি বৃষ্টিতে কিছুটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে পানি নিষ্কাশন হয়ে গেলে সবজির তেমন ক্ষতি হবে না।
