খুজেস্তান প্রদেশে এই তেলক্ষেত্রটির আয়তন ২৪০০ বর্গকিলোমিটার
রয়টার্স
৫ হাজার ৩০০ কোটি ব্যারেলের একটি নতুন অপরিশোধিত তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এ তেলক্ষেত্রে যে পরিমাণ তেল মজুত আছে তাতে ইরানের মোট তেল মজুতের পরিমাণ এক-তৃতীয়াংশ বেড়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
ইরানের ইয়াজদ শহরে এক ভাষণে রুহানি বলেন, ‘দক্ষিণ-পশ্চিমের খুজেস্তান প্রদেশে আবিষ্কৃত ঐ তেলক্ষেত্রটির আয়তন প্রায় ২ হাজার ৪০০ বর্গকিলোমিটার। সেখানে প্রায় ৫ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত আছে।’ বিশ্বের তেল উত্পাদনকারী দেশগুলোর মধ্যে শীর্ষস্থানীয় ইরানের অর্থনীতি তেলের ওপর নির্ভরশীল। কিন্তু ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির করা ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্র সরে গিয়ে দেশটির ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষ করে ইরানের তেল রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটির তেল বিক্রি অনেক কমে গেছে। কারণ, যেসব দেশ ইরানের তেল কিনবে তাদের ওপরও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।
রুহানি বলেন, ‘যদি ইরান তেল উত্তোলন মাত্র ১ শতাংশ বাড়ায় তাহলেই এ ক্ষেত্র থেকে আমাদের আয় ৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার বেড়ে যাবে।’ ‘আমি হোয়াইট হাউজকে বলতে চাই, যখন আপনারা ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন, ঠিক তখন আমাদের শ্রমিক ও প্রকৌশলীরা ৫ হাজার ৩০০ কোটি ব্যারেল তেল আবিষ্কার করেছে।’
রুহানির দাবি অনুযায়ী, নতুন আবিষ্কৃত তেলক্ষেত্রটি দেশটির দ্বিতীয় বৃহত্ তেলক্ষেত্র হতে যাচ্ছে। দেশটির সবচেয়ে বড়ো তেলক্ষেত্র আহভাজে। সেখানে ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেল মজুত আছে।
