এবার আয়কর মেলায় ২০ লাখ মানুষকে সেবা দেওয়ার লক্ষ্য

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৩৩

Åবৃহস্পতিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে আয়কর মেলা

Åঅনলাইনে কর প্রদান সহজ করতে যুক্ত হচ্ছে মোবাইল আর্থিক সেবা

ইত্তেফাক রিপোর্ট

সরকারের নানামুখী উদ্যোগের ফলে করদাতার সংখ্যা বাড়ছে। করদাতাদের একটি বড়ো অংশ আয়কর মেলায় এসে তাদের বিবরণী দাখিল করে থাকেন। মূলত হয়রানিমুক্ত হওয়ায় সাধারণ করদাতাদের কাছে দিনে দিনে এ পদ্ধতিটি বেশ জনপ্রিয় হয়েছে। কেবল রিটার্ন দাখিল নয়, নতুন করদাতা শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেওয়াসহ অন্যান্য সেবা নিতেও মানুষ আয়কর মেলায় আসেন। গত বছর দেশব্যাপী আয়কর মেলায় এসে রিটার্ন দাখিলসহ অন্যান্য সেবা নিয়েছেন ১৬ লাখ ৩৬ হাজার মানুষ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মনে করছে, এবার এ সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে। মানুষের মধ্যে কর সচেতনতা বাড়ায় এবং নতুন করে অনেকে আয়করের আওতায় আসার ফলে মেলায় কর সেবা গ্রহীতার সংখ্যা বাড়বে। আয়কর মেলার সঙ্গে সংশ্লিষ্ট এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আগামী বৃহস্পতিবার থেকে দেশব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে। রাজধানীসহ আটটি বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এর বাইরে ৫৬টি জেলায় (আটটি বিভাগীয় শহর বাদ দেওয়ার পর) চার দিন এবং ৪৮টি উপজেলায় দুই দিন এবং ৮ উপজেলায় এক দিন করে এবার আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছর দেশব্যাপী আয়কর মেলায় সব মিলিয়ে ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ জন ব্যক্তি সেবা নিয়েছেন। ঐ মেলায় ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ করদাতা তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এর বিপরীতে আদায় হয়েছিল ২ হাজার ৪৬৯ কোটি টাকা। আর ২০১৭ সালের মেলায় রিটার্ন দাখিল হয়েছিল ৩ লাখ ৩৫ হাজার ৪৮৭টি। অর্থাত্ পূর্বের বছরের চেয়ে গত বছর মেলায় রিটার্ন দাখিল বেড়েছে ৪৫ শতাংশ। এছাড়া গতবার মেলায় এসে ৩৯ হাজার ৭৪৩ জন নতুন ই-টিআইএন নেওয়ার মাধ্যমে আয়করের খাতায় নাম লিখিয়েছেন।

আয়কর মেলা আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ও এনবিআর সদস্য কালিপদ হালদার ইত্তেফাককে বলেন, আমরা আশা করছি গতবারের চেয়ে এবারের মেলায় লোকসমাগম ২৫ শতাংশ বেশি হবে।

রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ঢাকার বিভাগীয় আয়কর মেলা চলবে সাত দিন।

মেলার সর্বশেষ প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল বিকালে সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগসহ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। অতীতের মতোই এবারের মেলায়ও আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ (নতুন ও পুরাতন), ই-পেমেন্ট, ই-ফাইলিংয়ের ব্যবস্থা থাকছে। মেলায় আসা মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য থাকবে আলাদা বুথ।

মেলা আয়োজক সূত্র জানিয়েছে, অতীতের আয়কর মেলায় কর শিক্ষণ ফোরাম নামে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ এবার বাতিল হচ্ছে। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাটল বাস সেবাও থাকছে না। তবে মেলায় করদাতাদের সেবা আরো বিস্তৃত করা হচ্ছে। এছাড়া অতীতে অনলাইনে রিটার্ন দাখিল কিংবা অনলাইনে কর প্রদান ব্যবস্থার কথা বলা হলেও করদাতারা এর সুফল তেমন পাননি বলে অভিযোগ রয়েছে। এবার এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে আয়কর বিভাগ। অনলাইনে কর প্রদান পদ্ধতি সহজ করতে অনলাইনে কর প্রদান ব্যবস্থা সহজ করতে মোবাইল ব্যাংকিং সেবা (বিকাশ, নগদ) সহজলভ্য করা হচ্ছে।

কর সেবা সহজলভ্য করতে

নতুন ওয়েবসাইট

আয়কর সংক্রান্ত সেবা সহজলভ্য করতে নতুন ওয়েবসাইট খুলেছে এনবিআর। aykormela.gov.bd নামে ঐ ওয়েবসাইটে রিটার্ন দাখিলের ফরম, নতুন ই-টিআইএন খোলার ফরম পাওয়া যাবে। করদাতারা চাইলে মেলায় আসার আগেই ঐ ফরম প্রিন্ট করে তা পূরণ করে নিয়ে মেলায় এসে জমা দিতে পারবেন। ফলে মেলায় এসে ফরম পূরণ করার সময়ও নষ্ট হবে না। এছাড়া করদাতাদের তাদের কর সংক্রান্ত বেশকিছু সাধারণ প্রশ্নের উত্তরও ওয়েবসাইটে পাবেন। এনবিআর সদস্য কালিপদ হালদার বলেন, করদাতাদের কর সংক্রান্ত কার্যক্রম আরো সহজ করতে ওয়েবসাইটটি সহায়তা করবে।