কুয়াকাটা ও কমলগঞ্জে রাসমেলা শুরু

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৪০

 ইত্তেফাক ডেস্ক

পটুয়াখালীর কুয়াকাটা ও মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের রাসমেলা। ঐতিহ্যবাহী এ মেলাকে ঘিরে জড়ো হতে শুরু করেছেন শত শত রাসভক্ত নর-নারী। সংবাদদাতাদের পাঠানো খবর :

কলাপাড়া (পটুয়াখালী) : দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী রাসমেলা গতকাল থেকে শুরু হয়েছে। কুয়াকাটায় বসেছে তিন দিনের মেলা ও ধর্মীয় অনুষ্ঠান। কুয়াকাটা সৈকত ঘেঁষা রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জড়ো হচ্ছেন ভক্তরা।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ মণিপুরি সম্প্রদায়। গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরিদের সুমহান ঐতিহ্যের ধারায় রাস পূর্ণিমার পুণ্য তিথিতে বৃহত্ উত্সব মহারাসলীলা অনুষ্ঠিত হবে। মহারাসকে কেন্দ্র করে আজ মঙ্গলবার মণিপুরি সংস্কৃতি অঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে রাস উত্সব। আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে আনুষ্ঠানিকতা। উপজেলার আদমপুর সেনাঠাকুর মণ্ডবে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের ৩৪তম রাসোত্সব এবং মাধবপুর শিববাজার জোড়ামাণ্ডবে মণিপুরি ললিতকলা একাডেমি সংলগ্ন খোলা ময়দানে বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের ১৭৭ তম রাসোত্সব অনুষ্ঠিত হবে।