স্বেচ্ছাসেবক লীগ মহানগর দক্ষিণের সম্মেলন
অনুষ্ঠিত, আজ উত্তরের সম্মেলন
মেহেদী হাসান
কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃত্ব ঘোষণা করা হবে আগামী ১৬ নভেম্বর। গতকাল সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে মহানগর উত্তর শাখার সম্মেলন হবে। আগামী শনিবার কেন্দ্রীয় সম্মেলনের দিনই কেন্দ্রীয়-মহানগরের শীর্ষ নেতৃত্ব নির্বাচিত করা হবে।
জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলররা তাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর অর্পণ করেছেন। গতকাল স্বেচ্ছাসেবক লীগ মহানগর দক্ষিণের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আরো সময় নিতে চাই এবং বিচার বিশ্লেষণ করতে চাই। সে জন্য আমরা চাইছি, আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেখানে উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। এ পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রসঙ্গত, সর্বশেষ, ২০০৬ সালের ৩১ মে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণ দুটি ভাগে ভাগ করা হয়।
এদিকে দীর্ঘ সাত বছর পর হতে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন। নেতৃত্বের সম্ভাব্য পালাবদলকে ঘিরে চলছে নানা রকম আলোচনা। তবে একটি বিষয় প্রায় চূড়ান্তই যে, আওয়ামী লীগের সহযোগী এই সংগঠনটির নেতৃত্বে বড়ো ধরনের পরিবর্তন আসছে। ক্যাসিনো ব্যবসা, দুর্নীতি, টেন্ডার ও চাঁদাবাজির সঙ্গে জ?ড়িত কেউই এবার কোনো প?দ পাবেন না। যারা সত্ ও যোগ্য এবং রাজনীতিতে যাদের দীর্ঘ পথপরিক্রমা রয়েছে দলের হাইকমান্ড তাদেরকেই নেতৃত্বে নিয়ে আসবেন। এছাড়া ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্য থেকেও কাউকে বড়ো দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।
সংগঠনের সহসভাপতি নির্মল রঞ্জন গুহকে আহ্বায়ক এবং যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে সদস্যসচিব করে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ৭৯টি সাংগঠনিক জেলার প্রতিটি থেকে ২৫ জন করে কাউন্সিলর সম্মেলনে আসবেন। এর বাইরে সংগঠনের কেন্দ্র ও সাংগঠনিক মহানগর শাখা মিলিয়ে প্রায় ২ হাজার ৩০০ কাউন্সিলর নতুন নেতা নির্বাচন করবেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা হলেন, বর্তমান সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, বর্তমান চার সাংগঠনিক সম্পাদক আবদুুল আলীম বেপারী, শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ শাকিব বাদশা ও খায়রুল হাসান জুয়েল। ১৩ বছর পর অনুষ্ঠেয় এবারের সম্মেলনে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রত্যাশীরা হচ্ছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, গোলাম রাব্বানী, ইসহাক মিয়া প্রমুখ।
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী রয়েছেন বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না, আফরোজ হাবিব প্রমুখ। মহানগর দক্ষিণের সভাপতি পদে আসতে আগ্রহী সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা হচ্ছেন যুগ্মসাধারণ সম্পাদক তারিক সাঈদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা মোরশেদুল আলম মিলন প্রমুখ। প্রসঙ্গত, ১৯৯৪ সালের ২৭ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন।
