তুরাগে ডিএনসিসির গাড়িচাপায় শ্রমিক নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৪৪

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর তুরাগে রাস্তা পারাপারের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ময়লার গাড়ির নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সঞ্জু মিয়া (৫৫)। গতকাল সকালে তুরাগের ১৫ নম্বর সেক্টর বালুর মাঠ সংলগ্ন বাঁশপট্টি এলাকায় প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।

তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকিন জানান, সকাল ১০টার দিকে তুরাগ থানার ১৫ নম্বর সেক্টর বালুর মাঠসংলগ্ন বাঁশপট্টি এলাকায় দোকানের জন্য বাঁশ ক্রয় করতে যান নির্মাণশ্রমিক মো. সঞ্জু মিয়া। এ সময় রাস্তা পার হওয়ার সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন আবর্জনা পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সঞ্জু মিয়া নিহত হন। এসময় জনতা ধাওয়া করে গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যান। পরে পুলিশ ঢাকা উত্তর সিটি করপোরেশন গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। নিহত সঞ্জু মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার রাজীবপুর গ্রামের মৃত কেরামত সরদারের পুত্র। সঞ্জু তুরাগের চণ্ডালভোগ গ্রামের এক ব্যবসায়ীর দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন।