আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, পঁচাত্তরের পর মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গিয়েছিল, ভুলুণ্ঠিত হয়েছিল এমনকি মুক্তিযোদ্ধাদের পরিচয় পর্যন্ত ছিল না। ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন। মুক্তিযোদ্ধারা বড়ো গর্ব, তারা একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছেন। এ সম্মান টাকা দিয়ে কেনা যাবে না, হাজার বছরেও এ দেশের মাটিতে আর বঙ্গবন্ধুর জন্ম হবে না, মুক্তিযুদ্ধও হবে না। গতকাল সোমবার বিকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁয় পলাশ ডাঙ্গা যুব শিবির আয়োজিত মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে ঐতিহাসিক নওগাঁর স্মৃতি ধরে রাখার জন্য মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবিলম্বে নওগাঁয় একটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন উত্তরাঞ্চলের বেসরকারি মুক্তিযোদ্ধা সেক্টর আব্দুল লতিফ মির্জা পরিচালিত পলাশ ডাঙ্গা যুব শিবির আয়োজিত মুক্তিযোদ্ধা-জনতা মিলন মেলার এই সমাবেশে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিয়া। বক্তব্য দেন অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি, অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক গাজী সোহরাব আলী সরকার প্রমুখ।
জেলা আওয়ামী লীগের নেতাদের
সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়
এদিকে রবিবার বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসিম। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাবরি মসজিদ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাবরি মসজিদের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো এটা ভারতের উচ্চ আদালতের রায়। এটা তাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রয়োজন আমাদের আছে বলে আমরা মনে করি না।
