সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৯

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২২:৩৩

পুলিশ সদস্যসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

খুলনা : খুলনায় মোটরসাইকেল ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫০) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল উপজেলার রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের দেবীপুরে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি রূপসা উপজেলার ইলাইপুর গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় সজীব মিয়া (২২) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার সদর উপজেলার ভাদুঘর ফাটাপুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে। সজীবের বাড়ি সদর উপজেলার কাছাইট গ্রামে।

চৌগাছা (যশোর) : চৌগাছায় বেপরোয়া গতির একটি আলমসাধুর ধাক্কায় নুর ইসলাম (৬২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার বড় নিয়ামতপুরে। গতকাল মুক্তদাহর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মাধবপুর (হবিগঞ্জ) : মাধবপুরে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনজিত সরকার (৩২) নামে এক জন নিহত হয়েছেন। শনিবার রতনপুর-ছাতিয়াইন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি মাধবপুর উপজেলার উড়াইন গ্রামে।

মিরসরাই (চট্টগ্রাম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাকা বদলানোর সময় পেছন থেকে আসা দ্রুতগামী ট্রাকের চাপায় লেগুনাচালক মোহাম্মদ কামরুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। গতকাল মিরসরাইয়ের নয়দুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আবুনগর গ্রামে।

মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তারেক মিয়া নামে এক জন নিহত ও অন্তত আরো ২৫ যাত্রী আহত হয়েছেন। রবিবার ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা ব্রিজের দক্ষিণপ্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

সাতকানিয়া (চট্টগ্রাম) : সাতকানিয়ায় সিএনজি অটোরিকশা ও ডাম্পার গাড়ির সংঘর্ষে জিন্নাত আরা বেগম (২১) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার সাতকানিয়া-বাঁশখালী সড়কের কানচনা ইউনিয়নের কাজীর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মোহাম্মদ সোলেমান প্রকাশ মানিকের স্ত্রী।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন। রবিবার সড়কের কোনাগাতি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।