জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নবনির্বাচিত কমিটিতে তাকে এ পদ দেওয়া হয়। সম্মেলনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ এস এম তাজিমুল ইসলাম শামীম।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ। এর আগে সম্মলিত কণ্ঠে উপস্থিত সবাই জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে প্রথম অধিবেশন হয়। এতে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সিনিয়র সহসভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জাসেন বিন জুম্মুন, পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্য নুর মোহাম্মদ মণ্ডল প্রমুখ।
আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা ও সাধারণ সম্পাদক পদে এ এস এম তাজিমুল ইসলাম শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন এই কমিটিতে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য করা হয়।
