আসামি না হয়েও মাদক মামলায় এক মাস কারাগারে থাকা নির্দোষ রাজন ভুঁইয়াকে জামিন দিয়েছে আদালত। তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার দ্রুত-বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান গতকাল সোমবার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালতের পরোয়ানার ভিত্তিতে মূল আসামি হাবিবুল্লাহ রাজনের পরিবর্তে রাজন ভুঁইয়াকে গ্রেপ্তারের জন্য কুমিল্লার ব্রাক্ষণপাড়া থানার এসআই মামুনকে কারণ দর্শাতে বলা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ওইদিন রাজনকে তার জন্মসনদ, ভোটার আইডি ও ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্রসহ আদালতে হাজির থাকতে বলা হয়েছে। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি আবু আবদুল্লাহ ভুঁইয়া। রাজনের আইনজীবী নিকুঞ্জ বিহারী আচার্য বলেন, আজ মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পাবেন নির্দোষ রাজন।
রবিবার দৈনিক ইত্তেফাকে ‘এক রাজন আসামি, আরেক রাজন কারাগারে’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
