জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ সরকার অমান্য করলে তা আদালতের নজরে আনার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। গৃহকর্মী খাদিজার নির্যাতনের ঘটনায় করা রিট মামলায় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ নির্দেশনা দিয়ে রায় দেয়। রায়ে মানবাধিকার কমিশনের প্রতি কয়েক দফা নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, মানবাধিকার কমিশন মানবাধিকার লঙ্ঘন ও অভিযোগ নিষ্পত্তির বিষয়ে যে খসড়া নীতিমালা তৈরি করেছে, সেই বিধিমালা সুশীল সমাজের পরামর্শ নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। যদি কমিশনের কোনো সুপারিশ সরকার অমান্য করে, তাহলে সংশ্লিষ্ট কমিশন আইনের ১৯ ধারা এবং সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিকার চেয়ে হাইকোর্টের নজরে আনতে হবে।
