বিদ্যমান আইনে সরকার টু সরকার প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নের বিধান রেখে ‘বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) আইন, ২০১৯-এর খসড়ার চূড়ান্ত নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
সভায় বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিক এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া গত জুলাই মাসে রাশিয়ায় অনুষ্ঠিত ‘প্রথম আন্তর্জাতিক মেরিটাইম ডিফেন্স শো-২০১৯’-এ নৌপরিবহন প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ; সিঙ্গাপুর, কানাডা ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বন্দর পরিদর্শন এবং ২৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত প্রতিনিধিদলের দক্ষিণ কোরিয়া সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
