বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দুই-একজন নেতাকর্মী দল ছাড়লে বিচলিত হওয়ার কিছু নেই। বিএনপির প্ল্যাটফরম একটি বটগাছ। ক্লান্ত শরীর নিয়ে মানুষ এখানে আসবে, বিশ্রাম নেবে এবং পিপাসা মেটানোর পরে আবার চলে যাবে—এটাই স্বাভাবিক। এদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। বিচলিত হওয়ারও কিছুই নেই।
গত রবিবার জাতীয় প্রেসক্লাবে কৃষক দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন। গয়েশ্বর সম্প্রতি দলত্যাগী মোর্শেদ খানকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন।
