ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহকে অপসারণ ও শাস্তির দাবিতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ)। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হজ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর অবিলম্বে অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তরীকত ফেডারেশনের মুখপাত্র মাওলানা জাকির হোসাইন বলেন, ধর্ম প্রতিমন্ত্রী হীন ও ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য সরকারি আলিয়া মাদরাসা এবং কওমি মাদরাসার আলেম-ওলামাদের মধ্যে বিভেদ ও সামপ্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টা চালাচ্ছেন।
তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সম্মানিত ওলামায়ে কিরাম ও পবিত্র হজের প্রতি অশালীন ও অসম্মানজনক কটূক্তির জন্য অবিলম্বে শেখ মো. আবদুল্লাহকে মন্ত্রী ও আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকের পদ থেকে অপসারণ করা হোক এবং তাকে শাস্তির আওতায় আনা হোক।
