উন্নয়নের ধারা প্রতিটি ঘরে পৌঁছানোই আওয়ামী লীগের লক্ষ্য: স্পিকার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৮:২৪

জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মহাজোট প্রার্থী ড. শিরীন শারমীন চৌধুরী বলেছেন, ‘উন্নয়নের ধারা প্রতিটি ঘরে পৌঁছানোই আওয়ামী লীগের মূল লক্ষ্য। সরকারের উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আবারো বিশ্ব নন্দিত নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেওয়া দরকার।’

শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ড. শিরীন শারমীন চৌধুরী বলেন, ‘এদেশের মানুষের চাওয়া সমৃদ্ধশীল বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো। এজন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।’

আরো পড়ুন: ড. কামালের গাড়িবহরে হামলার তদন্ত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাংসদ নুর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পীরগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও এটিএন বাংলার চীফ রিপোর্টার কেরামতউল্লাহ বিপ্লব, সহ-সভাপতি কামরুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলন, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহীল বাকী বাবলু, সারোয়ার জাহান প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ