নাইক্ষ্যংছড়িতে বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ০১:০৯

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় গুলিতে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় ঘুমধুম সীমান্তে এই ঘটনা ঘটে। ইয়াবা পাচারকারীদের গুলিতে তারা আহত হন বলে জানিয়েছে বিজিবি। আহত দুই বিজিবি সদস্য হলেন, ফরিদ উদ্দিন ও মৃত্যুঞ্জয়। এর মধ্যে ফরিদ উদ্দিনকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে আর মৃত্যুঞ্জয়কে বিজিবি সেক্টর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিজিবির একটি টহল দল তুমব্রু ও বাইশফাড়ির মাঝামাঝি এলাকায় যায়। সেখানে বিজিবির টহল দলের ওপর গুলি চালানো হয়। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দুই বিজিবি সদস্য পায়ে গুলিবিদ্ধ হন।

বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান স্থানীয় সাংবাদিকদের বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা চালান আসার কথা জানতে পেরে বিজিবি সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাহাড়ের ওপর থেকে গুলি ছোড়ে। এ সময় তারা গুলিবিদ্ধ হন। বিজিবির পাল্টা গুলিতে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। তাদের ধরতে সীমান্তে অভিযান চালানো হচ্ছে।