সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কামিশলিতে তিনটি বোমা বিস্ফোরণে পাঁচ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। সোমবার শহরটির একটি গির্জা ও ক্যাফের কাছে দুটি গাড়িবোমা ও একটি মোটরসাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে, অঞ্চলটির নিরাপত্তা বাহিনীর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর চার সদস্যও রয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক বাহিনী। বিস্ফোরণগুলোকে ‘সন্ত্রাসী অভিযান’ বলে বর্ণনা করেছেন তারা। কামিশলি শহরটির অধিকাংশ এলাকাই কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রণে আছে। কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া বাহিনীর নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকায় ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করে। কিন্তু আইএসের স্লিপার সেলগুলো এখনো হুমকি হয়ে আছে এবং সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের সাম্প্রতিক অভিযানের সুযোগে জঙ্গিরা মাথাচাড়া দিতে পারে বলে সতর্ক করেছেন কুর্দি নেতারা।
