দীপ্ত টিভিতে প্রচারিত হবে বাংলাদেশে নির্মিত থ্রিডি অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’। এই উপলক্ষে আজ দীপ্ত টিভিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হয়। যেখানে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, হেড অফ নিউজ ইব্রাহীম আজাদ, ফিল্মটির পরিচালক মোহাম্মদ শিহাব উদ্দিন ও এনিমেটর মুরাদ আবরার। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে নির্মিত এই ফিল্মের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর। ২৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে ফিল্মটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এবং পরদিন দুপুর ১২টা ৩০ মিনিটে পুনঃপ্রচারিত হবে। কাজী জাহিন হাসান ও কাজী জিসান হাসানের প্রযোজনায় ফিল্মটি রচনা করেছেন নাসিমুল হাসান ও আহমেদ খান হীরক। ২৫ মিনিটের এই অ্যানিমেটেড ফিল্মটি পরিচালনা করেছেন মোহাম্মদ শিহাব উদ্দিন। বাংলাদেশের সাইকোর স্টুডিওতে ফিল্মটি নির্মিত হয়।
ফিল্মটিতে দেখানো হয়েছে বৈশ্বিক উষ্ণতার প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে তলিয়ে যাবে বাংলাদেশসহ আরো অনেক দেশ, ভবিষ্যতের পৃথিবী হবে খুব ভয়ঙ্কর।
