মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে সংযোগ সড়কবিহীন দুই সেতুর কারণে দুর্ভোগ পোহাচ্ছে দুই গ্রামের হাজারো বাসিন্দা। বিগত ১০ বছর ধরে সেতুগুলোতে সংযোগ সড়ক না থাকায় স্কুলগামী ছাত্রছাত্রীসহ সাধারণ পথচারীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। চলাচলের অনুপযোগী এ সেতু দুটির একটি হলো—উপজেলার ৯ নম্বর ইউনিয়নের গড়িয়াইশ সড়কের পশ্চিম প্রান্তে। অপর সেতুটি হলো দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের শহিদ নুরুল হুদা সড়কে। সেতুগুলো নির্মিত হয়েছিল প্রায় পনেরো বছর আগে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গড়িয়াইশ সড়কের সেতুটির পূর্ব পাশে সংযোগ সড়কের মাটি সরে গিয়ে বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন সেতু ও সড়কের সংযোগস্থলে কয়েকটি মাটিভর্তি বস্তা দিয়েছে কোনোরকম চলাচল করার জন্য। কেউ কেউ ভারী জিনিসপত্র নিয়ে বাধ্য হয়ে দুই-তিন কিলোমিটার দূরের বিকল্প সড়ক দিয়ে চলাচল করছে। এ সময় উপস্থিত গড়িয়াইশ গ্রামের বাসিন্দা গীতা রাণী ভৌমিক (৭০) জানান, গত ১০ বছর ধরে সেতুটির সঙ্গে রাস্তার সংযোগ নেই। বয়স্ক মানুষের পক্ষে এ সেতু পার হওয়া অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। এ সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করে না। পূর্ব দুর্গাপুর গ্রামের শহিদ নুরুল হুদা সড়কের সেতুটি সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির দুই পাশেই সড়কের কোনো সংযোগ নেই।
পূর্ব দুর্গাপুর গ্রামের অধিবাসী জিয়াউল হক (৩৮) জানান, এ সেতুর সংযোগ সড়ক ভেঙে গেছে দীর্ঘদিন আগে। সংযোগ সড়ক না থাকায় সেতুর ওপর দিয়ে কোনো ধরনের গাড়ি চলাচল করে না। ফলে এ গ্রাম থেকে রোগীদের হাসপাতালে নিতে অনেক সময় লাগে। রাতের বেলায় এ সেতুর ওপর দিয়ে চলাচল করা বিপজ্জনক। সংযোগ সড়কবিহীন এ সেতুগুলো সম্পর্কে মিরসরাই উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল্লাহ মজুমদার বলেন, পূর্ব দুর্গাপুর গ্রামের শহিদ নুরুল হুদা সড়কের সেতুটির রেলিং ও অন্যান্য অংশ নষ্ট হয়ে গেছে। তাই বর্তমান সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ করা হবে। এরই মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। খুব দ্রুত নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হবে। গড়িয়াইশ সড়কের সেতুটি আমাদের অধীনে নয়, তাই এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু সুফিয়ান বিপ্লব সংযোগবিহীন সেতুর কারণে জনভোগান্তির কথা স্বীকার করে বলেন, পূর্ব দুর্গাপুর গ্রামের শহিদ নুরুল হুদা সড়কের সেতুটি নতুন করে নির্মাণ করা হবে, আগামী শুষ্ক মৌসুমে এর নির্মাণ কাজ আরম্ভ হবে।
