ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণ পেঁয়াজের দাম ১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল মঙ্গলবার প্রতি মণ পেঁয়াজ সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত দরে কেনাবেচা হয়। এদিকে বৃষ্টির জন্য মুড়িকাটি পেঁয়াজ উঠাতে আরো ২০ দিন দেরি হবে।
শৈলকুপা উপজেলা কৃষি অফিসার সনজয় কুমার কুন্ডু জানান, গত রবি মৌসুমে এ উপজেলায় ৬ হাজার ১০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছিল। উত্পাদন হয় ১ লাখ ১০ হাজার টন। এপ্রিল মাসে নতুন পেঁয়াজ উঠার পর প্রতি মণ ৫০০ থেকে ৬০০ টাকা দরে কেনাবেচা হয়। তারপর দাম চড়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা মণ দরে কেনাবেচা হয়। আগস্ট মাস থেকে পেঁয়াজের দাম দফায় দফায় বাড়তে থাকে।
পেঁয়াজ ব্যবসায়ী সেতাব উদ্দিন জানান, ৩ নভেম্বর শৈলকুপায় ৪ হাজার ২০০ টাকা থেকে ৪ হাজার ৪০০ টাকা দরে প্রতি মণ পেঁয়াজ কেনাবেচা হয়। গতকাল মঙ্গলবার তা বেড়ে ৫ হাজার ২০০ টাকা থেকে সাড়ে ৫ হাজার টাকা মণ দরে কেনাবেচা হয়। খালফলিয়া গ্রামের চাষি পবন বিশ্বাস বলেন, গত মৌসুমে ৫ বিঘায় পেঁয়াজ চাষ করেন। পেঁয়াজ হয়েছিল ৪০০ মণ। নতুন পেঁয়াজ ওঠার পর প্রতি মণ ৫০০-৬০০ টাকা দরে বিক্রি করেন। গতকাল মঙ্গলবার ৫ হাজার ৪০০ টাকা মণ দরে বিক্রি করেন। শৈলকুপা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ১২৫ হেক্টরে মুড়িকাটি পেঁয়াজের চাষ হয়েছে। এত দিনে এ পেঁয়াজ ওঠার কথা ছিল।
গোবিন্দপুর গ্রামের চাষি মশিউর রহমান বলেন, বৃষ্টির জন্য মাটিতে রস বেড়ে গেছে। মুড়িকাটি পেঁয়াজ উঠতে অন্তত ২০ দিন দেরি হবে।
