ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িবাঁধ

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৫১

খুলনা বিভাগীয় কমিশনারকে দুর্গতরা

সাতক্ষীরা প্রতিনিধি

‘ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িবাঁধ’, একইসঙ্গে চাই আরো নতুন সাইক্লোন শেল্টার ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার।  মঙ্গলবার দুপুরে খুলনার নবাগত বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদারের কাছে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিদর্শনকালে ত্রাণ বিতরণের সময় দুর্গতরা এসব কথা বলেন।  তিনি এ সময় ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনীসহ বিভিন্ন এলাকা নদীপথে পরিদর্শন করেন।  খুলনা বিভাগীয় কমিশনার এ সময় প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির ক্ষেত্রে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, ত্রাণ নিয়ে যেন কোনো ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগ না ওঠে সেজন্য এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হয় সেজন্য স্থানীয় প্রশাসন ইতিমধ্যে কাজ করছে।

তিনি আরো বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তা সরকারের কাছে পাঠানো হবে।  ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে তিনি বলেন, উপকূলবর্তী এলাকার টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থসহ কোনো কিছুর সীমাবদ্ধতা নেই। যেটা প্রয়োজন সেটাই করতে সরকার সমর্থক বলে তিনি আরো জানান।